আখাউড়ায় প্রার্থীকে প্রাণনাশের হুমকি

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৯:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া নিজেকে আইনমন্ত্রী আনিসুল হকের প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, ‘মুরাদ হোসেন ভূঁইয়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে মিটিং করে ঘোষণা দিচ্ছেনÑ আমি মন্ত্রীর প্রার্থী, আমাকে পাস না করালে তোমাদের কারও মাথা থাকবে না এবং আমি নির্বাচনে না জিতলে তোমাদের সবাইকে মজা দেখাব।’

নিজের প্রাণ নিয়ে শঙ্কা প্রকাশ করে গোলাম মোস্তফা বলেন, ‘যেকোনো সময় মুরাদ হোসেন ভূঁইয়া ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যা কিংবা গুম করে ফেলতে পারে। তিনি আরও বলেন, মুরাদ হোসেন ভূঁইয়ার অব্যাহত হুমকির কারণে প্রচার চালাতে পারছি না।’

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফার সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, ধরখার ইউনিয়নের রুটি ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন ও আখাউড়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের সহসভাপতি শেখ সানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত