‘স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে ধূলিসাৎ করা হয়েছে’

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৪:১৭ পিএম

সরকারের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পরে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার দিবসের এই দিনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারারুদ্ধ সকলকে মুক্ত করতে নেতাকর্মীরা শপথ নিয়েছেন।

তিনি বলেন, “আজকে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছি। সেই সঙ্গে শপথ গ্রহণ করে অঙ্গীকার করেছি- খালেদা জিয়ার মুক্তির জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করবো। খালেদা জিয়াকে মুক্তি করে, গণতন্ত্রকে ফিরিয়ে এনে এ দেশের জনগণ মুক্তি করবো।”

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন,  দেশের গণতন্ত্র হরণ করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে বর্তমান অবৈধ সরকার।

তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আজ স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে গণতন্ত্রকে হরণ করা হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণতি করা হয়েছে।”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত