খালেদার কারণে গণহত্যার স্বীকৃতির জন্য বেগ পেতে হচ্ছে: তোফায়েল

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৪:১৯ পিএম

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া ইতিহাস বিকৃত করেছিলেন বলে বিশ্বের কাছে ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতির জন্য বেগ পেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়া স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রায় ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল। আর খালেদা জিয়া বলেছিল ৩০ লক্ষ লোক শহীদ হয়নি। তাই বিশ্বের কাছে আমাদের এই গণহত্যা দিবস এর স্বীকৃতি জন্য বেগ পেতে হয়েছিল। আমরা মনে করি ২৫ মার্চ হবে এখন থেকে গণহত্যা দিবস’।

এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করাই হবে মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ, মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। র‌্যালিতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত