‘উই ওয়ান্ট জাস্টিস’ প্ল্যাকার্ড দুঃশাসনের প্রতিচ্ছবি: ভিপি নুর

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৪:৫৪ পিএম

স্বাধীনতার ৪৮ বছর পরও ছাত্রদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ানোকে রাষ্ট্রের দুঃশাসনের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক  নুরুল হক নুর।

মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের স্মৃতিসৌধে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এমন মন্তব্য করেন।

নুরুল হক বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের সংগ্রামের অগ্রভাগে ছিল এই দেশের ছাত্ররা। যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে, সেই ছাত্রদের আজকে ২০১৯ সালেও ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়। এটি আমাদের রাষ্ট্রের শাসন ব্যবস্থায় যে দুঃশাসন চলে তারই একটি প্রতিচ্ছবি।’

রাজনীতিবিদদের দোষারোপ করে তিনি বলেন, ‘রাজনীতিবিদদের অনেক ভুল রয়েছে। তাদের ভুলের কারণেই আজকে আমরা এতটা পিছিয়ে রয়েছি। স্বাধীনতার ৪৮ বছর পরে তরুণ সমাজ প্রতিবাদী চেতনা ধারণ করেছে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে তারা রাজনীতিবিদদের একটি বার্তা দিচ্ছে যে- আমরা ইতিবাচক রাজনীতি চাই। আমরা দেশের কল্যাণের জন্য রাজনীতি চাই। আশা করি সেটি তারা আমলে নেবেন’।

‘স্বাধীনতার ঘোষক বিতর্কের’ সমালোচনা করে ভিপি নুর বলেন, ‘আমরা চাই না স্বাধীনতার ৪৮ বছর পরে এসে আমাদের বিতর্ক করতে হবে কে স্বাধীনতার ঘোষক কে ঘোষক নন। এ ধরনের রাজনৈতিক নোংরামি আমরা তরুণ সমাজ দেখতে চাই না। আমরা একটি সুস্থ ধারার রাজনীতি দেখতে চাই। যে রাজনীতি হবে দেশ ও মানুষের কল্যাণের জন্য।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেন, তারা যেন সেটা মনে প্রাণে ধারণ করেন। মুক্তিযুদ্ধের যে চার মূলনীতি সেগুলোর চেতনা যেন তারা ধারণ করে। সেটি যেন এ দেশের পাঠ্যপুস্তকে থাকে। তরুণ সমাজকে যেন এগুলো প্রভাবিত করে।

ডাকসু ভিপি আরও বলেন, নব্বইয়ের পর থেকে বা দেশ স্বাধীনের পর থেকেই যারা আমাদের শাসন করেছেন তারা এক ধরনের গণতন্ত্রের মুখোশ পরে শাসন করেছেন। তারা বারবার গণতন্ত্রকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করেছেন। কিন্তু এ দেশের তরুণ ছাত্র সমাজ সেটা হতে দেয়নি। যারা দেশ চালান তাদের প্রতি প্রত্যাশা থাকবে তারা যেন আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করে যান।’

সকাল পৌনে এগারোটার সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নুরুল হকের সঙ্গে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ও ফারুক খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত