নওগাঁর ধামইরহাটে ভূমিহীনদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ গত সোমবার মধ্য রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ দুজনকে আটক করেছে। নওগাঁর পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন এসপি। থানা সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট কাগজকুটা গ্রামের পুকুরপাড়ে বিভিন্ন এলাকায় লোকজন নিজেদের ভূমিহীন দাবি করে ওই এলাকায় ৩৫টি টিনের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে অস্থায়ীভাবে ঘর নির্মাণ করে। ৩৫টি পরিবারের মধ্যে ২০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার ও বাকিগুলো মুসলিম পরিবার। প্রায় দেড় মাস ধরে তারা ঘরগুলোতে বসবাস করছিল। গত রবিবার রাত ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশ পরিহিত দল ওই ঘরগুলোতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রায় ১৬টি ঘর ভাঙচুর এবং এগুলোতে অগ্নিসংযোগ করে। তারা বসবাসকারীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। বর্তমানে ঘর হারানো মানুষগুলো পুকুরের পাশের জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন মুরগির শেডে আশ্রয় নিয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত মনা পাহানের স্ত্রী দুলালী পাহান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ গত সোমবার রাতে মামলার প্রধান আসামি বস্তাবর গ্রামের আকতার হোসেনের ছেলে মোশারফ হোসেন মিস্টার এবং চককালু গ্রামের মোতারফ হোসেনের ছেলে মহব্বত হোসেনকে আটক করে।
