চবিতে শিবির সন্দেহে সাবেক শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১০:৪৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে এক সাবেক শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বুধবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সাবেক শিক্ষার্থী এমদাদুল হক বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র ছিলেন। মারধরকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ সিএফসি গ্রুপের এবং শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সূত্রে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসেছিলেন এমদাদুল হক।

সকাল সাড়ে ১০ টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা জীববিজ্ঞান অনুষদ থেকে তাকে তুলে নিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মারধর করে। পরে বিশ্ব শান্তি প্যাগোডায় নিয়ে আরেক দফা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহ সভাপতি এনামুল হক আরাফাত দেশ রূপান্তরকে বলেন, এমদাদ একজন চিহ্নিত শিবির। সে (এমদাদ) ২০১২ সালে শিবির ছাত্রলীগের মারামারির সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। এছাড়াও ক্যাম্পাসে শিবিরের যত নাশকতা আছে সে সকল নাশকতার মূল হোতা। সকালে ক্যাম্পাসে আসলে তার বিভাগের শিক্ষার্থীরা তাকে চিনতে পারে। ক্যাম্পাসে সে যাতে আর কোন ঝামেলা করতে না পারে তাই তাকে আটক করে পুলিশের কাছে দিয়েছি।

তবে পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে এমদাদুল হকের কোন মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে মারধরের বিষয়টি শুনেনি। ঘটনা জানার পরে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত