জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে ৫ এপ্রিলের মধ্যে পুনর্বহাল করা না হলে রংপুরে গণ পদত্যাগের হুমকি দিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বুধবার দুপুরে রংপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
মোস্তফা বলেন, জিএম কাদের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া দলের আত্মঘাতী সিদ্ধান্ত। চক্রান্তকারীরা পার্টির চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছেন। পার্টি ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। কুচক্রী মহলের প্ররোচনায় জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে।
রংপুর মহানগর ও বিভাগের আটটি জেলার জেলা, পৌরসভা, ও উপজেলার নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের সাথে একমত নয় বলে জানিয়েছেন মোস্তফা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সাবেক কাকসু ভিপি আলাউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, গাইবান্ধার সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, দিনাজপুরের সাধারণ সম্পাদক আহম্মেদ রুবেল, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আবু সালেক, ঠাকুরগাঁওয়ের রাহুল হাসান, লালমনিরহাটের এসকে মামুন প্রমুখ।
