অশ্বিনের আউট দেখিয়ে নিয়ম মানতে বলল কলকাতা পুলিশ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:৪০ পিএম

জস বাটলারকে ‘মানকাড’ আউট করে রবিচন্দ্রন অশ্বিন ঠিক করেছেন না ভুল, সে দিয়ে বিতর্ক চলছে। তবে এর মধ্যে কলকাতা পুলিশ অশ্বিনের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরল। বাটলারকে আউট করার সেই ছবি দেখিয়ে সবাইকে জানিয়ে দিল, ট্র্যাফিক আইন না মানলে হবে মারাত্মক পরিণতি।

সোমবার রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ঘটে ‘মানকাড’ আউট বিতর্ক। রাজস্থান ব্যাটসম্যান বাটলারকে ফেরান অশ্বিন। মূলত বোলার বল ছাড়ার আগেই নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ক্রিস ছেড়ে বেরিয়ে গেলে, সেই বোলার যদি উইকেট ভেঙে দেয় তবে সেটি ‘মানকাড’ আউট বলে বিবেচিত হয়। ভারতীয় ব্যাটসম্যান বিনু মানকড়ের নামে এই নামকরণ।

তবে এই ধরনের আউট সব সময় বিতর্ক তৈরি করে। ক্রিকেটের স্পিরিটকে সম্মান করে অনেক বোলার ব্যাটসম্যানকে আউট না করে সতর্ক করে দেন। কিন্তু অশ্বিন সেদিন তা করেননি। আউট করেন বাটলারকে।

যে জন্য অনেক সাবেক তারকাই কাঠগড়ায় তুলেছে তাকে। অশ্বিন অবশ্য বলেছেন আইনের মধ্যে থেকেই কাজটা করেছেন তিনি।

এর মধ্যেই অশ্বিনের করা সেই আউটকে কলকাতা পুলিশ জনসাধারণকে সতর্ক করার জন্য ব্যবহার করেছে। নিজেদের ফেসবুক পেজে অশ্বিনের বাটলারকে আউট করার ছবির সঙ্গে স্টপ লাইন পেরিয়ে দাঁড়ানো গাড়ির ছবি জোড়া দিয়ে পোস্ট করেছে। যার ক্যাপশনে লিখেছে, ‘‘ক্রিজে হোক বা রাস্তায় আগে পেরোলে পস্তায়।’’

এর আগে রাশিয়া বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, নেইমারকে উদাহরণ হিসেবে টেনে পোস্ট করেছিল কলকাতা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত