রাজধানীর ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে ‘চক্রাকার’ বাসের চাকা ঘুরেছে। সড়কে শৃঙ্খলা ও যানজটমুক্ত করার লক্ষ্যে বিআরটিসির ব্যবস্থাপনায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস গতকাল বুধবার চালু হয়েছে। একই দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর বিমানবন্দর থেকে বাড্ডা-রামপুরা হয়ে মতিঝিলে শুরু হয়েছে বিআরটিসির দ্বিতল বাসযাত্রা। গতকাল সকালে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন চক্রাকার বাস সেবার উদ্বোধন করেন। আজিমপুর থেকে নিউমার্কেট-ধানমণ্ডির চক্রাকার রুটে প্রাথমিকভাবে ২০ থেকে ২৫টি বাস চলাচল করবে।
এ সময় মেয়র খোকন বলেন, ‘ঢাকার যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে দুই সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে চক্রাকার বাস সার্ভিস।’ তিনি বলেন, ‘বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস সাশ্রয়ী খরচে যাত্রীসেবা দেবে। এ ধরনের বাস চালুর ফলে নগরবাসী যেমন স্বস্তিতে গন্তব্যে যেতে পারবে, তেমনি যানজট দূর হবে। প্রাইভেটকারসহ ছোট পরিবহনের ওপর নির্ভরতা কমে যাবে।’
উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, সিটি করপোরেশনের সম্মিলিত প্রচেষ্টায় এই চক্রাকার বাস সার্ভিস শুরু হয়েছে। প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগে চালু হওয়া এমন বাস গুলশানে চলছে ‘ঢাকা চাকা’ নামে। সেখানে এই সেবা অনেক স্বস্তি দিয়েছে।’
দূরত্ব অনুযায়ী এ বাসের ভাড়া হবে ১০, ২০ ও ৩০ টাকা। নির্ধারিত ৩৬টি স্থানে বাস থামবে। সেখানে যাত্রীদের জন্য করা হয়েছে টিকিট কাউন্টার। এ ছাড়া ‘র্যাপিড পাস’ নামক প্রিপেইড কার্ড ব্যবহার করে এই বাসে গন্তব্যে যাওয়া যাবে।
এদিকে দুপুর ১টার দিকে বিমানবন্দর স্টেশনের সামনে থেকে বিমানবন্দর-মতিঝিল রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এই দ্বিতল বাস বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ, গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। প্রাথমিকভাবে চারটি বাস দিয়ে সেবা শুরু হলেও শিগগির আরও ২০টি বাস যুক্ত হবে বলে জানিয়েছে ডিএনসিসি কর্র্তৃপক্ষ।
অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, ‘গত ১৯ তারিখের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর জাবালে নূর ও সুপ্রভাত পরিবহন বন্ধ করে দেওয়ায় জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে, নিরাপদ সড়ক বিনির্মাণের অংশ হিসেবে এই বাস।’ তিনি আরও বলেন, ‘সময় নষ্ট না করে দুই সিটি করপোরেশন মিলে ঢাকা শহরে বাসের ফ্রেঞ্চাইজ করা হবে।’ উত্তরায় চক্রাকার বাস চালু করা হবে বলেও জানান এক বছরের জন্য উত্তর সিটির দায়িত্ব পাওয়া এ জনপ্রতিনিধি।
আতিকুল বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভারব্রিজ, জেব্রাক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতি দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. ফরিদ আহমদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
