নূরকে দেখতে লন্ডন থেকে এসেছিলেন ক্যানসার আক্রান্ত ভক্ত

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৯:৫১ এএম

বাংলাদেশের ছেলে গাজী আব্দুর নূর কলকাতার সিরিয়াল ‘রাণী রাসমণি’তে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। সাম্প্রতিক একটি পর্বে ভক্ত-দর্শকেরা চোখের জলে বিদায় দেন প্রিয় রাজচন্দ্রকে।

রাণী চরিত্রের দিতিপ্রিয়া যে তার রাজাকে মিস করছেন তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুদিন আগেও তাদের সম্পর্ক ছিল  ইঁদুর-বিড়ালের মতো। তারা পরস্পরকে ব্লক করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে।

তবে সিরিয়াল থেকে বিদায় নিলেও রাণীর মন থেকে এখনই হারিয়ে যাচ্ছেন না রাজচন্দ্র। মোবাইলে নিয়মিত যোগাযোগ হয় তাদের। নূর জানান, তিন মাসের বিরতি নেওয়ার ইচ্ছা তার। রাজচন্দ্রের চরিত্রের জন্য শরীর ভারী হয়ে গিয়েছিল। তাই নতুন কাজের জন্য একটু সময় চাইছেন।

নূর জানান, ‘রাণী রাসমণি’তে অভিনয়ের সুবাদে চমৎকার কিছু অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে আছে সুদূর লন্ডন থেকে এক ক্যানসারের রোগী তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যার জীবনের শেষ ইচ্ছাই ছিল রাজচন্দ্রের সঙ্গে দেখা করা। গায়ক-সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ি সপরিবারে দেখা করতে এসেছিলেন নূরের সঙ্গে।

‘রাণী রাসমণি’ জন্য দুইবছর পরিবারকে সময় দিতে পারেননি নূর। তাই কিছুদিন ছোট বোন ও মায়ের সঙ্গে কাটাবেন। পারিবারিক ব্যবসায় মনোযোগও দেবেন। যাবেন বাবার কবর জেয়ারত করতে।

মাঝে নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ সিনেমায় অভিনয় করেছিলেন নূর। এর বাকি অংশ শেষ করবেন শিগগিরই। এছাড়া থিয়েটারের কাজের ইচ্ছা আছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত