খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুই দলের ‘বন্দুকযুদ্ধে’ আসাদুজ্জামান মিথুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে উপজেলার খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত আসাদুজ্জামান মিথুল মাদক বিক্রেতা। মাদককারবারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনি। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।
নিহত আসাদুজ্জামান খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হাসান লালন ফকিরের ছেলে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে রাতে পুলিশ বটিয়াঘাটা উপজেলার খেজুরতলা গ্রামে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যান।
পরে সেখানে আসাদুজ্জামানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
