সৌদি আরবের কাছে পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি ও সহায়তা বিক্রিতে গোপনে ছয়টি অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী রিক পেরি। অনুমোদনের নথির একটি কপি হাতে পেয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই নথি অনুযায়ী, সৌদির সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি বিনিময়ে গোপনে বৃহত্তর চুক্তির দিকে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সৌদিতে কমপক্ষে দুটি পারমাণবিক বিদ্যুৎক্ষেত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘পার্ট ৮১০ অথরাইজেশনস’ হিসেবে পরিচিত পেরির অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সুনির্দিষ্ট চুক্তির আগে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে প্রাথমিক কাজ করতে পারবে। তবে কোম্পানিগুলো কোনো বিদ্যুৎকেন্দ্রে পাঠানোর জন্য উপকরণ চালান করতে পারবে না।
মার্কিন অনুমোদন নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ডেইলি বিস্ট। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের অধীন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন (এনএনএসএ) বলেছে, কোম্পানিগুলো ট্রাম্প প্রশাসনকে অনুমোদনের বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছে।
যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা মনে করছেন, সৌদি আরবের কাছে পরমাণু প্রযুক্তি হস্তান্তরে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বাড়বে।
