গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পরিদর্শন শেষে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকালীন স্মৃতিবিজড়িত খেলার মাঠটিকে সংরক্ষণ করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। মাঠটিকে খেলার মাঠসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এবং টুঙ্গিপাড়াতে একটা স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে আমরা সরেজমিনে এসেছি। আসা করছি অচিরেই আমরা এ মাঠটি সংরক্ষণের জন্য কাজ শুরু করব।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর মন্ত্রী টুঙ্গিপাড়ার মল্লিকের মাঠ এলাকায় প্রস্তাবিত স্টেডিয়াম, শেখ জামাল যুব ও প্রশিক্ষণকেন্দ্র, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ মনি স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।
