প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রী-বিজেপি নেতাকে কেঁচোর সঙ্গে তুলনা, শিক্ষক বহিষ্কার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:১৯ পিএম

স্কুলের পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নে মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতাকে কেঁচোর সঙ্গে তুলনা করা হয়। এঘটনায় বরখাস্ত করা হয়েছে একজন শিক্ষককে। বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুরে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, বেঙ্গালুরুর মাউন্ট কারমেল ইংলিশ হাই স্কুলের অষ্টম শ্রেণির পরীক্ষায় প্রশ্ন করা হয়- কৃষকদের বন্ধু কে? এতে উত্তর হিসেবে দেওয়া হয়- এক. কেঁচো, দুই. মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, তিন. বিজেপি নেতা বিএস ইয়েদুরিয়াপ্পা।

দেশটির লোকসভা নির্বাচনের আগে স্কুলের পরীক্ষায় রাজনৈতিক ব্যক্তিদের নাম উল্লেখ করে এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুল প্রশাসন ও প্রধান শিক্ষক এ বিষয়ে কিছু জানতেন না। তবে এ ঘটনায় একজন স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

স্কুলটির অধ্যক্ষ রাঘভেন্দ্র সাংবাদিকদের বলেন, “এই প্রশ্নপত্র যিনি তৈরি করেছেন, সেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।”

দক্ষিণের এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি ইয়েদুরিয়াপ্পা নিজেকে ‘রায়থা বন্ধু বা কৃষকদের বন্ধু’ বলেই অভিহিত করেন। আর মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও প্রায়ই নিজের কৃষক নেতা হিসেবেই পরিচয় দেন।

কুমারস্বামীর দল জনতা দল-সেক্যুলার বা জেডি-এস এর দলীয় সবুজ পতাকায় (জমি ও কৃষক সম্প্রদায়ের প্রতীক) একজন মহিলা কৃষকের ছবিই দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত