শাহরুখের পার্টিতে বাড়ি থেকে আনা খাবার খেলেন আমির!

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০২:৩৭ পিএম

শাহরুখ খান আয়োজিত পার্টিতে গিয়ে নিজের বাড়ি থেকে আনা খাবারে উদরপূর্তি করেন আমির খান। ২০১৬ সালের সেই ঘটনাটি আবারও আলোচিত হচ্ছে মিস্টার পারফেকশনিস্টের কথার সূত্র ধরে।

সেদিন শাহরুখের বাড়িতে এসে হাজির ছিলেন ‘অ্যাপল’-এর সিইও টিম কুক। ছিলেন কিছু বিদেশি বন্ধুব। সেই সুবাদে পার্টির আয়োজন করেন কিং খান। বি-টাউনের বেশকিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবকেও আমন্ত্রণ জানান তিনি। সেই তালিকায় ছিলেন আমিরও।

কিন্তু শাহরুখের পার্টিতে গেলেও আমির ওই বাড়ির খাবার খাননি। খেয়েছিলেন নিজের বাড়ি থেকে টিফিন বক্সে করে আনা খাবার।

সম্প্রতি, একটি বইয়ের মোড়ক অনুষ্ঠানে সাংবাদিকরা আমিরকে জিজ্ঞাসা করেন, বি-টাউনের বিভিন্ন পার্টিতে গেলে তিনি কীভাবে ডায়েট বজায় রাখেন। উত্তরে আমির বলেন, “আমি টিফিন বক্স নিয়ে যাই।” এ কথা শুনে সবাই হেসে ফেলেন। তখনই আমির জানান, ‘দঙ্গল’-এর শুটিংয়ের সময় কী করেছিলেন।

আমির বলেন, “আরে আমি সত্যিই বলছি। শাহরুখের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করে দেখবেন। তার বাড়িতে যখন অ্যাপেলের সিইও এসেছিলেন তখন পার্টি ডেকেছিল। পার্টিতে গৌরী আমায় বলে অবশ্যই খাবার খেয়ে যাবে। আমি তখন বললাম অবশ্যই। আমি টিফিন এনেছি তো। তিনি আমার কথা শুনে অবাক হয়ে যান। আমি তখন বললাম, দঙ্গলের জন্য আমি এক্কেবারে কড়া ডায়েট মেনে চলছি।”

ওই সিনেমার জন্য আমিরকে পাঁচ মাসে ৩০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। তখন তার ওজন হয়েছিল ৯৬ কেজি।

বর্তমানে নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র জন্য ২০ কেজি ওজন ঝরানোর কসরত করছেন আমির খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত