বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতা নরেন্দ্র মোদি। সেটিই এবার গলার কাঁটা হচ্ছে তার জন্য।
আনন্দবাজার জানায়, নতুন কর্মসংস্থান তো সৃষ্টি করতে পারেননি বরং মানুষ চাকরি হারিয়েছে আরও। এটিই নিয়ে এবারের লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে সোচ্চার বিরোধী মহল।
অক্সফাম ইন্ডিয়ার এক পরিসংখ্যানেও ওঠে এসেছে মোদি সরকারের কর্মসংস্থান সৃষ্টির অবনতির ভয়াবহ চিত্র।
আগের লোকসভায় মোদির অন্যতম প্রতিশ্রুতি ছিল, বছরে দুই কোটি মানুষকে কর্মসংস্থান করা হবে। অক্সফাম দেখায়, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সরকার।
সংস্থাটির দাবি, দেশে চাকরির বাজারের অবস্থা হতাশাজনক। এর জন্য কেন্দ্রীয় সরকারের বর্তমান নীতিই বহু অংশে দায়ী। উন্নয়নের যে নীতিতে সরকার চলছে, তাতেই ত্রুটি রয়েছে।
অক্সফাম ইন্ডিয়ার প্রধান নির্বাহী অমিতাভ বেহরের জানান, কাজের সুযোগ তৈরির বাগাড়ম্বর ও কর্মীদের মধ্যে লিঙ্গবৈষম্য কমানোর কথা বলা সত্ত্বেও বাস্তব পরিস্থিতি ভয়াবহ। একই কাজের জন্য নারী কর্মীরা পুরুষদের চেয়ে ৩৪% কম বেতন পান।
বিশেষজ্ঞদের মতে, শিল্প এখন এত বেশি যন্ত্রনির্ভর যে, শুধু বিনিয়োগের অঙ্ক দিয়ে কর্মসংস্থানের সংখ্যা বিবেচনা করা যায় না। কয়েক হাজার কোটির বিনিয়োগেও অনেক সময়ে চাকরি পেতে পারেন জনা কয়েক।
যন্ত্রনির্ভর শিল্পের বদলে শ্রমনিবিড় শিল্পের উন্নতিতেই মনোযোগ দিক কেন্দ্রীয় সরকার, এমনটাই পরামর্শ অক্সফামের।
