নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে জিডি করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের প্রতি বিরূপ মন্তব্যের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের এ জিডিটি দায়ের করেন।
পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ নিজাম প্রশাসন নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে জিডিতে উল্লেখ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের নিজেই।
শাহ নিজামের বিরুদ্ধে জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা-পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মঞ্জুর কাদের। তিনি দেশ রূপান্তরকে বলেন, শাহ নিজাম প্রশাসনকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম দেশ রূপান্তরকে বলেন, আমরা প্রশাসনের বাইরে নই। যেহেতু আমরা নিজেরাই সরকারি দলের লোক। তাই প্রশাসনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার প্রশ্নই আসে না। আমি বক্তব্যে বলেছি, যেহেতু আমাদের নেতা শামীম ওসমান আর তিনি যেহেতু নারায়ণগঞ্জে নেতৃত্ব দিচ্ছেন তাই আমরা যদি স্ব স্ব অবস্থানে ঠিক থাকি তাহলে প্রশাসনেরও দরকার হয় না। কিন্তু আমার পুরো বক্তব্য প্রকাশ না করে খণ্ডিত অংশ প্রকাশ করায় এমন হয়েছে। আমি নিজেও কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক।
