রাজধানী ঢাকার গুলশান-১ এ আগুনে পুড়ে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেট ভেঙে আন্তর্জাতিক মানের শপিং মল করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার ডিএনসিসি কাঁচাবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লাগার পর তৎকালীন মেয়র প্রয়াত আনিসুল হক বলেছিলেন, ডিএনসিসি মার্কেট ভেঙে শপিং মল তৈরি করা হবে। তখন ব্যবসায়ীদের বিরোধিতা সেটা আর সম্ভব হয়নি।
বিষয়টি উল্লেখ করে হানিফ বলেন, এই মার্কেটটি ভেঙে আন্তর্জাতিক মানের শপিং মল করার কথা ছিল। যেকোনো কারণে এটা হয়নি। কিন্তু এখন জনগণের স্বার্থে যেকোনো মূল্যে এটাকে ভেঙে মার্কেট তৈরি করতে হবে।
তিনি বলেন, কাঁচাবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারা আজকেই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। ব্যবসায়ীরা বারবার ক্ষতিগ্রস্ত হোক আমরা এটা চাই না। আমরা চাই স্থায়ী সমাধান।
এসময় আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, বেশিরভাগ স্থাপনায় ফায়ার সেফটি না থাকায় ছোট ঘটনায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।
শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। তাদের যৌথ প্রচেষ্টা সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ডিএনসিসির ওই মার্কেটে ২৫০টির বেশি দোকান রয়েছে। এর মধ্যে পুরো কাঁচাবাজার এলাকার সব দোকান মারাত্মকভাবে পুড়েছে। সেখানে দোকানিরা তাদের শেষ সম্বলটুকু খুঁজছেন।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
