খোয়াই নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১০:৫৩ পিএম

হবিগঞ্জে খোয়াই নদীর তীরের শহররক্ষা বাঁধের পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা গতকাল শনিবার সকাল থেকে উচ্ছেদ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা ও আনিছুর রহমান খান। তাদের সহযোগিতা করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

গতকাল প্রথম দিনে শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ থেকে কামড়াপুর পর্যন্ত নদীর ভেতর ও বাইরের অংশে তীর দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খোয়াই নদীর দুই তীরের শহরের দিকের অংশ দখলে নিয়ে কিছু লোক অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। অনেকেই নদীর জমি অবৈধভাবে বেচাকেনা করছেন।

এ অবস্থায় বারবার তাদের স্থাপনা সরানোর জন্য নোটিস দেওয়া হলেও তারা কর্ণপাত করেননি। ফলে প্রতি বছরই নদীর বাঁধ বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু অবৈধ দখলে থাকার কারণে বাঁধের সংস্কারকাজও করা যাচ্ছে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের এই অভিযান চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত