একদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন গনজালো হিগুয়েন। ৩১ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার বরাবরই গোল মিসের জন্য সমালোচিত ছিলেন। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে গোল মিসের জন্য বেশি ভর্ৎসনা শুনতে হয়েছে তাকে।
জাতীয় দল থেকে অবসর নেওয়ার সময় ক্ষোভ নিয়ে বিদায় নেন হিগুয়েন। তবে এই স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার অপর সাবেক ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ‘বাতিগোল’ লেখেন, ‘আমার মনে হয় হিগুয়েন দারুণ স্ট্রাইকার। পুরো বিশ্বে সে ভালো সম্মান পায় কিন্তু আর্জেন্টিনাতেই তাকে ভালোভাবে দেখা হয় না। আমরা বলাবলি করি, স্ট্রাইকার ২০০ গোল মিস করতে পারে কিন্তু সঠিক মুহূর্তে এক-দুটি গোল একজন স্ট্রাইকারকে পরিচিতি এনে দেয়। তখন আর সে যে গোলগুলো মিস করেছে, তা নিয়ে আলোচনা হয় না। হিগুয়েনের বেলায় উল্টোটা হয়েছে, সে অনেক গোল করে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে গোল মিস করেছে। এখন সবাই তার অনেক গোলের হিসাব ভুলে ওই দু-একটি গোল নিয়েই পড়ে আছে। এটা করা উচিত নয়। এতে একজন স্ট্রাইকারের আত্মবিশ্বাস কমে যায়।’
