স্বামীর কাছে ভরণপোষণের অর্থ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী। চলছে আবেদনের শুনানি। তবে স্বামী যে যুক্তি দিয়েছেন, তাতে সবাই হতবুদ্ধ।
শুনানিতে সবাইকে চমকে দিয়ে স্বামী বাবাজীবন জানালেন, রাহুল গান্ধী ক্ষমতায় আসার পর স্ত্রীকে খোরপোষের টাকা দিতে পারবেন তিনি।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিনিউজ।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসলে দেশের ২৫ কোটি মানুষকে ন্যায় প্রকল্পে আনা হবে। এই প্রকল্পে কারও আয় ১২ হাজার টাকার নিচে হলে টাকা দেবে সরকার। বছরে ৭২ হাজার টাকা পাবেন গরিবরা।
ইন্দোরের স্থানীয় আদালতে স্বামীর কাছ থেকে খোরপোষ চেয়ে মামলা করেছিলেন স্ত্রী। আদালতে তিনি দাবি করেছিলেন যাতে তার ও সন্তানদের জন্য তিন হাজার টাকা খোরপোষ দেন প্রাক্তন স্বামী।
ওই মামলাতেই মহিলার প্রাক্তন স্বামীর আইনজীবী মোহন পাতিদার আদালতকে জানান, তার মক্কেল কার্যত বেকার। মাসে ৫-৬ হাজার টাকা আয় করেন। এতে স্ত্রীর খোরপোষ দেওয়া সম্ভব নয়।
মোহন পাতিদার আরও জানান, কংগ্রেস ক্ষমতায় না আসলে খোরপোষ দেওয়া সম্ভব নয়। কংগ্রেস ক্ষমতায় আসলে সাড়ে চার হাজার টাকা স্ত্রীকে দিয়ে দেবেন। বাকি টাকা তার মক্কেল নিজে রাখবেন।
