সিনেমা বানাবেন স্বাগতা

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১০:৫৪ পিএম

দীর্ঘ সময় ধরে মডেলিং, অভিনয় ও গান দিয়ে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়ে আসছেন জিনাত সানু স্বাগতা। তবে নিজেকে নতুন পরিচয়ে পরিচিত করাতে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। আর তা হলো সিনেমা। ভাবছেন সিনেমায় তো স্বাগতা সেই ২০০৭ সালেই অভিনয় করে ফেলেছেন। অকালপ্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার বিপরীতে শত্রু শত্রু খেলা সিনেমাটি সে সময় বেশ সাড়া জাগিয়েছিল। তাহলে নতুন পরিচয়টি আবার কী?

সবাইকে অবাক করে দিয়ে সিনেমা নির্মাণে হাত দিতে চান তিনি। স্বাগতা বলেন, ‘দর্শক এবারই প্রথম জানলেও আমি সিনেমা বানাব, এটা অনেক দিনের ইচ্ছা। সবাই শুনলে অবাক হবেন যে, আমি মিডিয়ায় অভিনয় করতে আসিনি। এসেছিলাম গান গাইব আর সিনেমা বানাব। কিন্তু ইন্ডাস্ট্রি আামাকে নায়িকা বানিয়ে দিয়েছে। ২০০৫ সালে ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর টুকটাক মডেলিং করতাম। তখনই অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু আমি ছোটবেলা থেকে গুরু ধরেই দীর্ঘদিন গান শিখেছি। আর বড় হয়ে তো সিনেমা বানানোর নেশায় আমাকে পেয়ে বসে। অভিনয় করতে করতে মনে হতো আমি সিনেমা বানাতে পারব সে কোন সময়। কিন্তু আমার স্বামী রাশেদ জামানের (বিখ্যাত চিত্রগ্রাহক) সঙ্গে পরিচয়ের পর থেকে ভয় ঢুকে গেছে মনে। তাই আরও ভালো করে জানার জন্য স্ট্যামফোর্ড বিশ^বিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে অনার্স শেষ করেছি। এছাড়া শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে অনেক কষ্ট করে নানা ধরনের কর্মশালাও করেছি। এরই মধ্যে ‘দূরত্ব’ নামের একটি সিনেমা পড়াশুনার অংশ হিসেবে নির্মাণ করে সর্বোচ্চ নম্বরও পেয়েছি। ইচ্ছা আছে একটা হলেও পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের।’

এদিকে, দীর্ঘদিন পর সিনেমায় অভিনয় করেছেন স্বাগতা। তাকে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সিনেমায় নতুনভাবে দেখতে পাবেন দর্শক। এরই মধ্যে ছবিটির শ্যুটিং শেষ, ডাবিং চলছে। কিন্তু নির্দেশকের নিষেধাজ্ঞার জন্য এ নিয়ে এখনই কথা বলতে নারাজ এই তারকা।

বর্তমানে এই অভিনেত্রী ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রিদম খান শাহীনের ‘পাগলের সুখ মনে মনে’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং করছেন। স্বাগতা বলেন, এই ধারাবাহিকে আমাকে গ্রামের এক দুষ্ট মেয়ের চরিত্রে দেখবেন দর্শকরা। আজ ও আগামীকাল সামাজিক সচেতনতামূলক একটি ডকুমেন্টের শ্যুটিং করবেন স্বাগতা। এদিকে ঈদের নাটকের শুটিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ মাসের শেষের দিকে রুলিন রহমানের সাত পর্বের দুটি ধারাবাহিক নিয়ে মালয়েশিয়ায় উড়াল দেবেন।

অভিনয়ের বাইরে গান নিয়েও ব্যস্ততা রয়েছে তার। ভারতের বঙ্গীয় সংগীত পরিষদ থেকে নজরুল সংগীতে অনার্স করেছেন তিনি। তাই বাবার নামের (খোদাবক্স শানু) স্কুলে গান শেখান তিনি। এই স্কুলের বাচ্চাদের নিয়ে মঞ্চের জন্য সম্প্রতি রবীন্দ্রনাথের ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন। শিগগিরই তাদের নিয়ে সুকুমার রায়ের একটি নাটক মঞ্চে আনবেন স্বাগতা।

গত তিন বছর ধরে বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান ‘দর্পণ’-এর বিশেষ বিভাগ ‘তারার সঙ্গে কিছুক্ষণ’ উপস্থাপনা করছেন তিনি। এখানে দেশের জনপ্রিয় তারকাদের সাক্ষাৎকার নিয়ে থাকেন স্বাগতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত