মুম্বাই বিমানবন্দরে ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। সেখানে একসঙ্গে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী সানি লিওন ও ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। অবশ্য একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় ‘জিসম টু’ অভিনেত্রীর সঙ্গী আসলে আনুশকা শর্মার স্বামী নন।
তবে অনেকেই স্বীকার করে নিয়েছেন সানির সঙ্গীর সঙ্গে অদ্ভুত মিল রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের। ভিডিওতে তাদের খোশগল্প করতে দেখা যায়।
জানা যায়, চিত্রশিকারী ভাইরাল ভায়ানি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন ভিডিওটি। ক্যাপশনে লেখেন, “কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল, মিস্টার বিরাট কোহলি কীভাবে এখানে থাকতে পারেন, তার তো ম্যাচ রয়েছে।”
আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে যখন বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলছে, তখনই ভাইরাল হয় এই ভিডিও। ম্যাচটি হচ্ছে হায়দরাবাদে। আর সানির ভিডিওটি মুম্বাই বিমানবন্দরের।
জানা গেছে, ভিডিও’র ওই ব্যক্তি অভিনেত্রীর ম্যানেজার সানি রাজানি। যিনি দেখতে অবিকল বিরাটের মতো। রাজানি ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, “ভাইরাল ভায়ানিকে ধন্যবাদ আমায় এই প্রশংসা করার জন্য।”
ভিডিওটি পোস্ট করার মাত্র ৩ ঘণ্টার মধ্যে দেখা হয়েছে ৮০ হাজারের বেশিবার।
