নিজেদের স্বপ্নের কথা জানালো ৪০০ শিক্ষার্থী

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৯:৩৭ পিএম

কেউ শিক্ষক, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ প্রকৌশলী, কেউ পুলিশ কর্মকর্তা আবার কেউ বা  হতে চায় রাজনীতিবিদ। চিত্র এঁকে এবং প্ল্যাকার্ডে লিখে নিজেদের এমন ইচ্ছের কথা জানালো চার শতাধিক খুদে শিক্ষার্থী।

সোমবার দুপুরে  নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত  ‘আমি হতে চাই’ অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের স্বপ্নের কথাগুলো জানালেন শিক্ষার্থীরা ।

গুড নেইবারস (সু-প্রতিবেশী) বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার নীলফামারী সমাজ উন্নয়ন প্রকল্প শিশুদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

সিডিপি ব্যবস্থাপক রমিও রতন গমেজের সভাপতিত্বে  ‘আমি হতে চাই’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন  কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, সংগলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন দিল ফেরদৌস, গুড নেইবারস নীলফামারীর চিকিৎসা কর্মকর্তা আলমগীর হোসেন।

সদর উপজেলার সংগলশী ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চ বিদ্যালয় এবং একটি আলিম মাদ্রাসার চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এই অনুষ্ঠানে।

‌গুড নেইবারস সিডিপি ব্যবস্থাপক রমিও রতন গমেজ জানান, ২০১৩ সাল থেকে সংস্থাটি নীলফামারীতে স্বাস্থ্য, শিক্ষা, শিশু শ্রম, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যালয় সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করছে। যাতে তারা আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে আসে।

তিনি বলেন, পড়াশোনাকালীন তারা যাতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে পারে এজন্য ‘আমি হতে চাই’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে করে তারা তাদের স্বপ্ন দেখা শুরু করে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যায়।

কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন জানান, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিক্ষার্থীরা পড়ছে ঠিকই। কিন্তু লক্ষ্য নির্বাচন করে প্রকাশ করতে পারছে না। 

অনুষ্ঠান শেষে সেখানে নিজেদের স্বপ্নের কথা স্বাক্ষর বোর্ডে লিখে উপস্থাপন করে শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত