নোয়াখালীর সদর উপজেলায় গণপিটুনিতে ফয়েজ আহমেদ (৪৫) নামে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে লেঙ্গার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমেদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে আলী আকবরের ছেলে।
এ ঘটনা আহত হয়েছেন দুজন। তারা হলেন- উপজেলার ধর্মপুর ইউনিয়নে লেঙ্গার দোকান এলাকার ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার (২১) ও রবি উল্যার ছেলে ইব্রাহিম (২৬)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে ঢুকে।
ঘরে থাকা লোকজন তাদের বাধা দিলে তারা দুজনকে কুপিয়ে জখম করে। পরে ঘরের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করেন।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
