চট্টগ্রামের পটিয়ায় ও গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবারের এসব দুর্ঘটনা আহত হয়েছেন আরও তিনজন। বিস্তারিত ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার বাইপাস এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রহিম উদ্দিন (৩৭) নামে একজন নিহত হয়েছেন।
তিনি উপজেলার জামাল মাস্টারের বাড়ি এলাকায় হাজী নুরুন্নবীর ছেলে। দুর্ঘটনায় শুভ (১৭) ও বাদশাহ মিয়া (৪০) নামে দুজন আহত হয়েছেন।
এদিকে কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগতির মোটরসাইকেল পুলিশ কনস্ট্রেবল মোতালিব হোসেনের (৫৫) উপর উঠিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইলের বাসাইল। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে।
