সালমান খানের ভাগনি আলিজে বলিউডের পা রাখতে যাচ্ছেন- এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরে। কেউ কেউ বলছেন ভাইজানের শুটিং চলতি ‘দাবাং থ্রি’তে অভিষেক হবে নবাগতার।
তবে আলিজের মা-বাবা আলভিরা ও অতুল অগ্নিহোত্রী এ খবর অস্বীকার করেছেন। তারা জানান, আলিজের সিনেমায় অভিনয়ে তাড়াহুড়োর কিছু নেই।
সাম্প্রতিক এক খবরে শোনা যাচ্ছে, ভাগনির জন্য উপযুক্ত চিত্রনাট্য খুঁজছেন বলিউডের এ সুপারস্টার। আর সিনেমার প্রস্তুতি হিসেবে বিখ্যাত নৃত্য পরিচালক সরোজ খানের কাছে ভারতীয় নাচের তামিল নিচ্ছেন আলিজে।
ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে ভারতীয় একটি পত্রিকা জানায়, আগামী বছরই সালমানের প্রযোজনা সংস্থার মাধ্যমে সিনেমায় অভিষেক হবে আলিজের। ছবিটি হবে রোমান্স-ড্রামা ধাঁচের।
এদিকে সরোজ খান জানান, আলিজে ভবিষ্যতে অভিনেত্রীই হতে চান। ইতিমধ্যে ছয় মাস তার কাছে নাচের তামিল দিয়েছেন। এখন শুধু বড়পর্দায় পা রাখার অপেক্ষা।
সালমান খান ফিল্মস পরপর তিন সিনেমায় তিনটি নতুন জুটি উপহার দিয়েছে। এর মধ্যে ‘লাভরাত্রি’ ছবিতে অভিনয় করেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা।
