বিজিবির দিকে ‘গুলি ছুড়ে’ ভারতে গেল ‘চোরাকারবারিরা’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০২:০৯ এএম

রাজশাহী সীমান্তে অস্ত্র ও মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার গভীর রাতে পবা উপজেলার চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ি এলাকার পশ্চিম বাথানবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। ওই সময় চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে ভারতে ঢুকে পড়ে বলে বিজিবি দাবি করেছে।

গতকাল শনিবার বিজিবির পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় পাচারবিরোধী এ অভিযানে বিজিবি-১ ব্যাটালিয়নের একটি দল অংশ নেয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। তাজুল ইসলামের বরাত দিয়ে বিবৃতিতে জানানো হয়, সীমান্তপথে অস্ত্র ও মাদক পাচারের তথ্যের ভিত্তিতে অস্ত্র, গোলাবারুদসহ পূর্ণ প্রস্তুতি নিয়ে পদ্মা নদী অতিক্রম করে চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ি এলাকার সীমান্ত পিলার ৫৬/২-১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে পশ্চিম বাথানবাড়ী এলাকায় অবস্থান নেয় বিজিবি। রাত দেড়টার দিকে চার-পাঁচজনের একটি পাচারকারী দল ভারত থেকে অস্ত্র ও মাদক নিয়ে আসছিল। ওই সময় পশ্চিম বাথানবাড়ী এলাকায় বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাচারকারীরা পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করে। বিজিবি সদস্যরাও গুলি চালায়। ওই সময় পাচারকারীরা ম্যাগাজিনসহ কিছু অস্ত্র ও গুলি এবং ফেনসিডিল ফেলে হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করতে করতে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া তিনটি ম্যাগাজিন, যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল, সাতটি গুলি ও ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত