আশুলিয়ায় ইনক্রিমেন্টের পরিমাণ বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করেছেন নতুন ইপিজেডের হেলিকন বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে দাবি আদায়ে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।
পরবর্তীতে বিক্ষুব্ধ শ্রমিকরা ডিইপিজেডের নতুন জোনের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষুব্ধ দুই শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ।
আটকরা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার চুকখালী গ্রামের বাসিন্দা ওয়াহিদা আক্তার (২৮) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শাপলাভাঙ্গা গ্রামের বাসিন্দা কাকলী খাতুন (৩০)। দুজনেই নতুন ইপিজেডের হেলিকন বিডি লিমিটেড কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
জানতে চাইলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ শ্রমিক অসন্তোষের ঘটনায় দুই নারী শ্রমিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিক হাসিনা আক্তার, লাবনি আক্তার ও রাহেলা বেগমসহ অনেকেই অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে আন্দোলন করলে পুলিশ আমাদের উপর চড়াও হয়। এসময় পুলিশ আমাদেরকে মারধর করে বেশ কয়েকজন শ্রমিককে ধরে নিয়ে যায়।”
শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহামুদুর রহমান বলেন, “শ্রমিক বিক্ষোভের ঘটনায় হেলিকন বিডি লিমিটেড কারখানাটি আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগেও নতুন ইপিজেডের তালিসমান-১ কারখানার শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করলে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
