জাতীয় দলের বাইরে চলে গেছেন সে অনেক দিন। ২০১৩ সালের পর আর খেলা হয়নি জাতীয় দলে। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটের এত এত আসরের মাঝেও ইলিয়াস সানি নামটি যেন হারিয়েই গিয়েছিল এক রকম।
অবশেষ এই বাঁহাতি অফ স্পিনার আলোচনায় এলেন। রোববার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেষ জামালের জয়ের নায়ক এই ৩৩ বছর বয়সী। বোলিংয়ের সঙ্গে আলো কেড়েছেন ব্যাটিংয়েও।
সাভারের বিকেএসপিতে এদিন বিকেএসপির বিপক্ষে ৫ উইকেটে জয় পায় শেখ জামাল। আগে ব্যাট করে ৪২.১ ওভারে ১৬১ রানে গুটিয়ে গিয়েছিল বিকেএসপি। জবাবে ৩৫.২ ওভারেই ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শেখ জামাল।
টস হেরে আগে ব্যাট করতে নামা বিকেএসপি ৫০ রানে হারায় তিন উইকেট। নাসির হোসেনের জোড়া আঘাতের পর তাইজুল ইসলাম নেন নিজের প্রথম উইকেট। এরপরই ইলিয়াস সানির টানা তিন উইকেট।
তাতে ১২১ রানে ৬ উইকেটে পরিণত হয় বিকেএসপি। পরে নাসির ও তাইজুল নিয়েছেন আরো একটি করে উইকেট। ইমদাদুল হক নেন ২ উইকেট। তাতে বিকেএসপির গুটিয়ে যাওয়া অল্প রানে।
জবাবে অনুষ্টুপ মজুমদারের ৪৩ ও ইলিয়াস সানির ৩২ রানে জয় নিশ্চিত করে শেখ জামাল। এ ছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহান অপরাজিত ২২ ও নাসির হোসেন ২০ রান করেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হয়েছেন ইলিয়াস সানি।
১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট শেখ জামালের। আর সপ্তম হারের স্বাদ পাওয়া বিকেএসপির ১০ ম্যাচে পয়েন্ট ৫। দুটি জয়ের সঙ্গে একটি টাই তাদের।
