কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্থগিত হওয়া চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহীনুল ইসলাম সোহেল শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
স্থানীয়রা জানায়, চতুর্থ ধাপের নির্বাচনে তিতাস উপজেলায় শাহীনুল ইসলাম সোহেল শিকদার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। ৩১ মার্চের নির্বাচনে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টা এবং নানা প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন স্থগিত এবং সহিংসতার অভিযোগে সোহেল শিকদারসহ তার অনুসারীদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।
