সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আড়াই মাস চিকিৎসা শেষে গতকাল সোমবার রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। গতকাল সংবাদ সম্মেলন করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, আলাউদ্দীন আলী ফুসফুসের প্রদাহ আর রক্তের সংক্রমণে ভুগছিলেন। এখন এই সমস্যাগুলো আর নেই। তাকে ফিজিওথেরাপি নেওয়ার জন্য মিরপুরে সিআরপিতে পাঠানো হচ্ছে। সেখানে কয়েক দিন তাকে থাকতে হবে। এরপর তিনি বাসায় ফিরে যাবেন।
সংবাদ সম্মেলনে হাসপাতালের চিকিৎসক, নার্সরা, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসহ সকল সাপোর্ট স্টাফের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলাউদ্দিন মিমি এবং তার কন্যা আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা। গত ২২ জানুয়ারি রাতে বাড্ডার বাসায় অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দীন আলী। তাকে দ্রুত রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র শ্বাসকষ্ট, কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
