সিনেটর ‘নির্দোষ’, ‘ডিমবালককে’ পুলিশের হুঁশিয়ারি

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৫১ পিএম

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেই মুসলিম বিদ্বেষী সিনেটর ফ্রাসের অ্যানিংকে নির্দোষ বলেছে পুলিশ। ‘ডিমবালক’ হিসেবে পরিচিতি পাওয়া কিশোর উইল কনোলিকে মারধর করেও অভিযুক্ত হলেন না তিনি। বরং ওই কিশোরকেই তার আচরণের কারণে সতর্ক করা হয়েছে।

ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের পর অ্যানিং টুইটারে বলেন, ‘আজ হয়তো মুসলমানরাই শিকারে পরিণত হচ্ছে, সাধারণত তারাই শিকার করে থাকে।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘ক্রাইস্টচার্চে আজকের এই হামলা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দেশেই আমাদের কমিউনিটিতে মুসলমানদের উপস্থিতি বৃদ্ধির ফলে সৃষ্ট ভয়কে সামনে নিয়ে এসেছে।’

এরপর সিডনিতে তিনি একটি অনুষ্ঠানে যান। সেখানে উপস্থিত ছিল ১৭ বছর বয়সী উইল কনোলি। ভিডিও করতে করতে পেছন থেকে হঠাৎ সে ডিম দিয়ে অ্যানিংয়ের মাথায় আঘাত করে। সিনেটরও পাল্টা আক্রমণ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে চড় মারতে দেখা যায়। তার সমর্থকরাও ওই কিশোরকে মারধর করেন।

ভিক্টোরিয়া পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনা বিচার বিশ্লেষণ করে দেখা গেছে, ৬৯ বয়সী সিনেটরের আচরণ আত্মরক্ষা ছিল। তাকে অভিযুক্ত করার মতো কিছু সেখানে ছিল না।’

‘১৭ বছর বয়সী কিশোরকেও অভিযুক্ত করা হয়নি। কিন্তু তাকে সতর্ক করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, মেঝেতে পড়ে যাওয়ার পর কিশোরকে যে ব্যক্তি লাথি মেরেছিল, তাকে এখনো খোঁজা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত