অবহেলার অভিযোগ বোদায় নবজাতকের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১১:২৪ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার একটি বেসরকারি হাসপাতালের মালিক, নার্স ও হাসপাতাল ব্যবস্থাপকের হঠকারিতায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসক ছাড়াই স্বাভাবিক প্রসবের নামে তারা টেনেহিঁচড়ে নবজাতককে মেরে ফেলেছেন বলে প্রসূতির স্বজনরা অভিযোগ করেছেন। হাসপাতাল মালিকের হঠকারিতায় নবজাতকের মৃত্যুর ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালটি কিছু সময়ের জন্য ঘেরাও করে রাখেন।

গত সোমবার দুপুরে উপজেলার নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল মালিক উজ্জ্বল সরকার, ব্যবস্থাপক অভি সরকার ও নার্স সাবিনা মিলে ওই নারীর স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করার সময় টেনেহিঁচড়ে নবজাতককে বের করতে গিয়ে তাকে মেরে ফেলেন। এ ঘটনার পর ওই হাসপাতালের ব্যবস্থাপক ও কথিত নার্স গা ঢাকা দিয়েছেন।

বিষয়টি পঞ্চগড় সিভিল সার্জন মোহাম্মদ নিজামউদ্দিন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহমুদ হাসানসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বোদা উপজেলার নয়াদীঘি তাঁতিপাড়া এলাকার সুকদেব রায়ের স্ত্রী মিত্রা রানীর প্রসব বেদনা শুরু হলে ওইদিন সকালে বেসরকারি ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর আল্ট্রাসনোগ্রাম করে বাচ্চার অবস্থা দেখে সিজার করার পরামর্শ দেন চিকিৎসক। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক আনোয়ার আলীকে খবর দেওয়া হয়। কিন্তু চিকিৎসক আসার আগেই হাসপাতাল মালিক উজ্জ্বল সরকার, ব্যবস্থাপক অভি সরকার ও সাবিনা নামে কথিত নার্স ওই গৃহবধূকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে তারা জোরপূর্বক টেনেহিঁচড়ে প্রসব করানোর চেষ্টাকালে নবজাতককে মেরে ফেলেন। টেনেহিঁচড়ে নবজাতককে বের করতে গিয়ে প্রসূতিও অসুস্থ হয়ে পড়েন এবং তার শরীরের কিছু অংশে কেটে-ছিঁড়ে যায়।

গৃহবধূ মিত্রা রানীর স্বামী সুকদেব রায় বলেন, ‘ওইদিন আল্ট্রাসনোগ্রামের চিকিৎসক জানান, গর্ভে বাচ্চার অবস্থান খুব ভালো আছে। কিন্তু ক্লিনিকের মালিক বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই জোরপূর্বক প্রসব করাতে গিয়ে আমার সন্তানকে মেরে ফেলেছে।’

এ বিষয়ে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আনোয়ার আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার আসার আগেই তারা নরমাল ডেলিভারি করেন।’ তিনি আরও বলেন, ‘পরে তাকে জানানো হয় যে ওই গৃহবধূ মৃত বাচ্চা প্রসব করেছেন।’

পঞ্চগড় সিভিল সার্জন মোহাম্মদ নিজামউদ্দিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ওই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত