কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মহরম আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মহরম ডাকাত সর্দার বলে দাবি করেছে পুলিশ।
এছাড়া বন্দুকযুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন তথ্যে পুলিশ জানতে পারে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পরে পুলিশ সদস্যরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তল্লাশিকালে বুকে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত এক ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি এলাকার কুখ্যাত ডাকাত সর্দার মহরম আলী।
ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি রাম দা, ২৫ বোতল ফেনসিডিল ও একশ’ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, নিহত মহরম আলী পৌর এলাকার কালিপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে।
কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের ওপর হামলাসহ অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
