ইসরায়েলের নির্বাচনে সমানে সমান নেতানিয়াহু-গানৎজ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৯:৫০ এএম

শুরু থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচনে ক্ষমতা ছাড়তে হচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক প্রধান বেনি গানৎজ দেশটির নতুন নেতা হয়ে উঠতে পারেন, এমন সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবারের নির্বাচন শেষে ৯৫ ভাগ ভোট গণনার পর দেখা যাচ্ছে, নেতানিয়াহু এবং গানৎজের জোট সমান ৩৫টি করে আসন পেয়েছেন।

ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ জানায়, প্রায় ৯৫ ভাগ ভোট গণনা শেষে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি পেয়েছে ৩৫টি আসন। মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোটের প্রধান গানৎজ সমান সংখ্যক ৩৫ আসন পেয়েছেন।

এছাড়া ১২০ আসনের নেসেটে শাস এবং ইউটিজে ৮টি করে আসন পেয়েছে। হাদাস তা’ল এবং লেবার ৬টি করে আসন পেয়েছে। তবে শেষ পর্যন্ত কট্টরপন্থী দলগুলো নিয়ে গঠিত নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার গঠন করতে পারে।

এদিকে ফলাফল ঘোষণা শুরু হলে নেতানিয়াহু এবং গানৎজ- দুই নেতার সমর্থকরাই রাস্তায় বিজয় উল্লাস শুরু করে দেন। ব্লু অ্যান্ড হোয়াইট জোট এক বিবৃতিতে জানায়, “আমরা জিতেছি। ইসরায়েলি জনগণই এটি বলছে। ভোটেই স্পষ্ট হয়ে গেছে, কে বিজয়ী আর কে পরাজিত।”

এদিকে তেলআবিবে নির্বাচনী হেডকোয়ার্টারে নেতানিয়াহুকেও দেখা গেছে বিজয় উদযাপন করতে। তিনি বলেন, এটি এক অসামান্য বিজয়ের রাত। আমি পঞ্চমবারের মতো জিততে চলেছি, ইসরায়েলের জনগণ আমার ওপর আস্থা রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত