ঝিনাইদহে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, সদর পৌরসভা এবং বাংলাদেশ ফোকলোর গবেষণাকেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ ও ভারতের লৌকিক সংগঠনের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, আমেরিকা ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ফোকলোর গবেষক প্রতিনিধিরা অংশ নেবেন।
এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হবে। প্রথম দিনের কর্মসূচিতে আছে শহরের জোহান ড্রিম ভেলি পার্কে একাডেমিক অধিবেশন, লোক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিন অনুষ্ঠান হবে ইসলামি বিশ্ববিদ্যালয়ে। সেদিন শোভাযাত্রা, একাডেমিক অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন।
