গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলন অব্যাহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৭:২৭ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষক সিএসই (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের চেয়্যারম্যান সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. আক্কাস আলীর বিচার ও অপসারণের দাবিতে ৫ম দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের ৪র্থ তলার সিএসই বিভাগের সামনে এ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে ওই শিক্ষকের বিচার ও স্থায়ীভাবে অপসারণের দাবি জানায় তারা।

এর আগে, দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত রোববার শিক্ষার্থীরাও ওই শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নামে।

এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে তার বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া ছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। আগামী সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত