নুসরাত হত্যা ‘শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের ফল’: মির্জা ফখরুল

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১০:৪৬ পিএম

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাকে ‘শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের ফল’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিভীষিকাময় ও দুর্বিনীত দুঃশাসনের এক ভয়াল রূপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। এখন দুষ্কৃতকারীরা আইন নিজের হাতে তুলে নিয়েছে। এ কারণে নুসরাত জাহান রাফির মৃত্যু হয়েছে’।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি এ সব বলেন। 

নুসরাতের হত্যাকারীদের ‘অমানুষ’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব অবিলম্বে হত্যাকারীদের নজিরবিহীন শাস্তির দাবি জানান।

তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের ফলে সামাজিক অনাচারের মাত্রা সীমাহীন বৃদ্ধি পেয়েছে। আইনের শাসনের ভয়াবহ অবনতি এবং দেশে ন্যায়বিচার তিরোহিত হয়ে গেছে। এ কারণে মানুষের বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তাটুকুও নেই’।

বিএনপি মহাসচিব নুসরাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনের প্রতি গভীর সহমর্মিতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত