ঝালকাঠিতে নিখোঁজের এক দিন পর এক বলগেট শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টায় জেলার রাজাপুর উপজেলার বদনীকাঠী গ্রামের পাশে জাঙ্গালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ফয়সাল গাজী (৩৫) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাটের শ্রীপুর গ্রামের সিদ্দিক গাজীর ছেলে। এ ঘটনায় অন্য দুই শ্রমিক আল আমিন রাঢ়ী ও মো. জাকির গাজীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটক ওই দুইজন ফয়সালের সঙ্গে গত মঙ্গলবার রাত ৮টার দিকে রাজাপুরের সাউথপুর এলাকায় জাঙ্গালিয়া নদীতে বালুর জাহাজে খাবার খেতে বসে। এ সময় খাবার নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আল আমিন রাঢ়ী ফয়সালকে মারধর করে। এতে ফয়সাল অজ্ঞান হয়ে খালে পড়ে গেলেও তাকে উদ্ধারের কোনো চেষ্টা করেনি আল আমিন ও জাকির। এরপর রাত সাড়ে ১০টার দিকে আল আমিন ও জাকির রাজাপুর থানায় এসে ফয়সালের নিখোঁজ হওয়ার খবর জানায়।
