নুসরাতের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ঢাবিতে বিক্ষোভ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৯:০০ পিএম

ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও অগ্নিসংযোগ করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

এ দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। আন্দোলনকারীরা অবিলম্বে এ ঘটনায় জড়িত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন। তারা দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নুসরাত কবরে, খুনি কেন বাইরে,’ ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়। এতে অংশ নেন ডাকসুর ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসুর স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী অরণি সেমন্তিসহ বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত