বাংলাদেশ ও ভুটানের মধ্যে কানেকটিভিটি বাড়াতে চাই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এছাড়া ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য আমরা প্রস্তাব দিয়েছি।
শুক্রবার সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য আমরা প্রস্তাব দিয়েছি। ভুটানে হাইড্রো বিদ্যুৎ রয়েছে। আমরা সেখান থেকে বিদ্যুৎ নিয়ে আসার জন্য আলোচনা করেছি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) উদ্যোগ নিয়ে আলোচনা করেছি। এছাড়া বাংলাদেশ থেকে তারা চিকিৎসক নিতে চান। আমরা বলেছি, বাংলাদেশের চিকিৎসকদের ভালো বেতন দিলে স্পেশাল প্যাকেজের আওতায় তারা ভুটানে যেতে পারেন।
শুক্রবার সকালে চার দিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। ওই দিন সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১১ টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সৌধ প্রাঙ্গণে একটি বিচিত্রা বকুল গাছের চারা রোপণ করেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন লোটে শেরিং। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এছাড়া দু’দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন তিনি। সোমবার তিনি বাংলাদেশ সফর শেষে ভুটানে ফিরবেন বলে জানা গেছে।
