এইডসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে ভারতের আওরঙ্গাবাদের এক নারী নিজেকে রক্ষা করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
আওরঙ্গাবাদের রাজনগরের ২৯ বছর বয়সী এক বিধবাকে হত্যা মামলায় অভিযুক্ত কিশোর বিলাস আভহান (২২) নামে এক যুবক ফাঁদে ফেলে ধর্ষণ করতে গেলে, ওই নারী বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে ধর্ষকের হাত থেকে রক্ষা করেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, নিজের পিতাকে হত্যার অভিযোগ আছে কিশোর বিলাসের বিরুদ্ধে। এ জন্য তাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে বেরিয়ে এসে ২৫ শে মার্চ রাতে সে ওই নারীকে ধর্ষণে চেষ্টা করে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই দিন ভুক্তভোগী নারীটি তার সাত বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে শহরে গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে। কিন্তু বাড়ি ফেরার পথে দেখতে পান তার কাছে মাত্র ১০ রুপি আছে। এ সময় তিনি মেয়েকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশা শেয়ারের জন্য শাহ নুরমিয়া দরগার বাইরে অপেক্ষা করছিলেন।
কিশোর বিলাস পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে লোকটির মোটরসাইকেলে উঠে বসার পর রাজনগরে যাওয়ার পরিবর্তে সে অন্য রাস্তায় মোটরসাইকেল চালাতে থাকে। আপত্তি করলে সে ওই নারীকে অস্ত্রের ভয় দেখায় এবং একপর্যায়ে ধর্ষণে উদ্যত হয়।
খবরে বলা হয়, এ পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে নারীটি বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি ধর্ষণে উদ্যত কিশোর বিলাসকে বলেন, তার শরীরে এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভি ধরা পড়েছে। এতে কিশোর বিলাস ভয় পেয়ে তাকে ত্যাগ করে চলে যায়।
এ ঘটনায় কিশোর বিলাসের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু পলাতক রয়েছে সে।
