আমি এখনো মারামারি করতে পারি: নজরুল ইসলাম খান

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৬:০৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমি এখনো ৭২ বছর বয়সেও যেকোনো সংঘাতের জন্য নিজেকে ফিট মনে করি। এখনো মারামারিও করতে পারি। আমরা মুক্তিযুদ্ধের সৈনিক। আমরা তিন ভাই মুক্তিযুদ্ধ করেছি’।

বিএনপির এই নেতা বলেন, সরকার আইনকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে। তারা বাধা না দিলে দুই দিনের মধ্যেই কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া কোনো অপরাধ করেননি, তিনি কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নন। কিন্তু সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রেখেছে।

'সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক) আর অ্যাটর্নি জেনারেলকে বলে দিক, তারা যেন খালেদা জিয়ার জামিন আবেদনে বাধা না দেন, তাহলেই তিনি মুক্তি পাবেন'।

তিনি বলেন, ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠের লড়াইয়ের বিশ্বস্ত আর অভিজ্ঞ নেত্রীর নাম খালেদা জিয়া। তাকে ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না। তাই বিএনপি নেত্রীর মুক্তির জন্য রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। এখন শুধু সময় ও প্রস্তুতির অপেক্ষা। মাঠের লড়াই যখন শুরু হবে তখনই দেখা যাবে কতজন মাঠে আছেন আর কতজন পালিয়ে গেছেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে খালেদা জিয়াকে বদ্ধ অবস্থায় রাখা হয়েছে আর এ কারণেই তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। ওয়ান-ইলেভেনের সরকারের সময়েও খালেদা জিয়াকে এমন পরিবেশে রাখা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়াম্যান শামসুজ্জামান দুদু, দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কর্মজীবী দলের নেতা আলতাফ হোসেন সরদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত