নুসরাত হত্যাকাণ্ডের বিচার ‘দ্রুত বিচার আইনে’ হওয়া উচিত: মওদুদ আহমেদ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১০:১৫ পিএম

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে প্রমাণিত হয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, পুলিশ শুধু বিরোধী দল দমনে ব্যস্ত। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশের কোন ভূমিকা থাকে না। আমি রাজনৈতিক কারণে এই বক্তব্য দিচ্ছি না। নুসরাত একজন কিশোরী মেয়ে। এই কিশোরী মেয়েটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক ও হৃদয় বিদারক। একজন শিক্ষকের মেয়ে আরেক শিক্ষকের কাছে পরম আদরের সন্তানের মতো হওয়ার কথা ছিল। কিন্তু এই নিষ্পাপ মেয়েটিকে আরেকজন শিক্ষকের লালসার শিকার হতে হয়েছে। এই নৃশংস ঘটনায় আমরা নির্বাক ও হতবাক। এ ঘটনার বিচার দ্রুত বিচার আইনে হওয়া উচিত। তাহলে নুসরাতের আত্মা শান্তি পাবে। তার পরিবারের সদস্যরা শান্তি পাবে।

শনিবার বিকেলে ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে মওদুদ আহমেদ এসব কথা বলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহাজান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ নুসরাতের কবর জিয়ারত করে মোনাজাত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত