বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় কেউ যেন ইভটিজিংয়ের শিকার না হন সেজন্য কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ টিম।
সাদা পোশাকেও এই টিমের সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে লক্ষ্য রাখবেন যাতে কোনো বখাটে নারীদের উত্যক্ত করতে না পারে।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান একথা জানিয়েছেন।
তিনি আরও জানান, কোনো নারী উত্যক্তকারীদের শিকার হলে নিকটস্থ পুলিশ অথবা পুলিশ সাব-কন্ট্রোলরুম (রমনা পার্ক): (১০০)-২৩২৪৮, ০২-৯৬১১০০৫ (অনুষ্ঠানকালীন), পুলিশ সাব-কন্ট্রোলরুম (সোহরাওয়ার্দী উদ্যান): (১০০)-২৩২৪৯, ০২-৬৬২০৩৯ (অনুষ্ঠানকালীন) অথবা জাতীয় জরুরী কল সেন্টার ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
এছাড়া আগত দর্শনার্থীদের সাথে থাকা শিশুর পকেটে চিরকুটে বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখতে এবং হারিয়ে গেলে সাব-কন্ট্রোলরুমে স্থাপিত ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার’ বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
