ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম করায় ভারতের মধ্যপ্রদেশের এক যুগলকে অমানবিক নির্যাতন করেছে গ্রামবাসী। নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বেশ হইচই হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, কাঁধে একজন পুরুষকে চাপিয়ে হেঁটে চলেছেন তরুণী। তাকে ঘিরে উল্লাস করছেন অন্যরা। কারও হাতে পতাকা, কারও হাতে লাঠি। কেউ আবার গানের তালে কোমর দোলাচ্ছেন।
এনডিটিভি জানিয়েছে, উপস্থিত জনতা আসলে ওই মহিলাকে এই অবস্থায় হাঁটতে বাধ্য করেছে। শুধু তাই নয়, হাঁটা শেষ হওয়ার পর যুগলকে গাছের সঙ্গে বেঁধেও রাখা হয়।
ঘটনাটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩৪০ কিলোমিটার দূরের ঝাবুয়া জেলার দেবীগড় গ্রামে।
জেলার পুলিশ সুপার বিনীত জৈন সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘ঝাবুয়ার দেবীগড়ে কিছু মানুষ এক মেয়েকে অপমান করেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’
