রিশভ পন্ত না দিনেশ কার্তিক? ভারতের বিশ্বকাপ দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে কে পাচ্ছেন টিকিট, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। পন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেও সুযোগ পেতে পারেন এমন যুক্তিও দিয়েছেন অনেককে। শেষ পর্যন্ত অবশ্য পন্তকে বাইরে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত। সুযোগ পেলেন দিনেশ কার্তিক।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ভারত। যে দলে দিনেশ কার্তিক ছাড়াও রয়েছেন লোকেশ রাহুল, বিজয় শঙ্কার ও রবীন্দ্র জাদেজা। অধিনায়ক বিরাট কোহলির ডেপুটি হিসেবে আছেন রোহিত শর্মা। এক নম্বর উইকেটরক্ষক হিসেবে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি।
সোমবার দিনের শুরুতে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ও ভারত অধিনায়ক বিরাট কোহলি মুম্বাইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে দেখা করেন। এরপর তৃতীয় শিরোপার সন্ধানে থাকা দলটি নিজেদের স্কোয়াড জানায়।
দ্বিতীয় উইকেটরক্ষক এবং চার নম্বর পজিশন নিয়ে ছিল ভারতের সব আলোচনা। চার নম্বর পজিশনের জন্য ছিলেন একাধিক প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত অম্বতি রাইডু ও পন্তকে পেছনে ফেলে সেই পজিশনের জন্য জায়গা পেয়েছেন কার্তিক ও রাহুল। রাহুল একই সঙ্গে ব্যাকআপ ওপেনার হিসেবেও থাকছেন।
পন্তকে দলে না নেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক প্রসাদ বলেন, ‘‘নিশ্চিতভাবেই এই জায়গাটা নিয়ে আমাদের অনেক মতৈক্য রয়েছে। আমরা সবাই জানি পন্ত ও ডিকে (দিনেশ কার্তিক) শুধু মহেন্দ্র সিং ধোনি ইনজুরিতে পড়লেই সুযোগ পাবে। একটি গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট কিপিং খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা কার্তিকতে বেছে নিয়েছি।’’
তিন বিশেষজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রয়েছেন। বাঁহাতি অর্থোডক্স স্পিনার রবীন্দ্র জাদেজার সঙ্গে রয়েছেন লেগ ব্রেক বোলার যুজবেন্দ্র চাহাল ও বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।
৬ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ভারত। ২০১১ সালে ২৮ বছরের খরা কাটিয়ে জেতে নেয় দ্বিতীয় শিরোপা।
ভারতের বিশ্বকাপ দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।
