'সাংবাদিকদের উস্কানিতে' সেদিন হেসেছিলেন শাজাহান খান!

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৮:৫৪ পিএম

গত বছর রাজধানীতে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাসিমুখে কথা বলে ব্যাপব সমালোচিত হয়েছিলেন তৎকালীন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। 

তবে সোমবার তিনি দাবি করেছেন 'সাংবাদিকদের উস্কানিতে' তিনি হেসেছিলেন। 

রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিতর্কিত সেই হাসি সারা দেশে সমালোচনার ঝড় তুলেছিল। 

জাবালে নূর পরিবহনের দুই বাস চালকের রেষারেষির জেরে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রসমাজ যখন রাস্তায়, তখন সচিবালয়ে এক হাসি দিয়ে বিতর্কিত হন শাজাহান খান।

সোমবার দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি দাবি করেন, তার হাসার জন্য সাংবাদিকরা উস্কানি দিয়েছেন। 

তিনি দাবি করেন, তাকে নৌ-পরিবহন মন্ত্রী করার পর অনেকে মন্তব্য করেছিলেন, যে লোকের হাতে পরিবহন সেক্টর জিম্মি তাকেই করা হচ্ছে মন্ত্রী। কিন্তু তিনি সমালোচকদের এমন তীর্যক কটুক্তি ভুল প্রমাণ করেছেন বলে দাবি করেন । উদাহরণ হিসেবে তার দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চ ডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেনি এমন পরিসংখ্যানও তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙা, বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত