বেশ কিছু নাটক- টেলিছবি নির্মাণ করলেও এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক তানভীর হাসান। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘মধ্যবিত্ত’ নামের চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় চলচ্চিত্রের কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নির্মাতা তানভীর হাসান বলেন, ‘চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য আমার করা। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী। তার বিপরীতে দেখা যাবে রোহান ও হিমেল রাজকে।’
এলিনা শাম্মী বলেন, ‘এটা বাণিজ্যিক ঘরানার কোনো চলচ্চিত্র নয়। তবে গল্পটি দারুণ। আমাকে ঘিরেই এর গল্প। আমার চরিত্রের নাম রানু। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। আশা করছি, আমার চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন।’
‘মধ্যবিত্ত’ প্রযোজনা করছে সিনে মিডিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন কেয়ামনি, মাসুম আজিজ, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীনসহ অনেকে।
